সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে এক সপ্তাহর কম সময় বাকি। বাংলাদেশে হতে যাওয়া দক্ষিণ এশিয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে ভারত।
স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ দলের। ৫ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সময় নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। তাই শিরোপা ধরে রাখার মিশনেও দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে তারা।
টুর্নামেন্টে ভারতের ডাগআউট সামলাবেন অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ নওশাদ মুসা।
মুসার ২৮ সদস্যের দলে অবশ্য লিস্টন কোলাসো, ব্রাইসন ফের্নান্দেস, ফারুখ চৌধুরি ও বিজয় ভার্গিসের মতো খেলোয়াড় থাকছেন।
সাফে অংশ নিতে দুই ভাগে বাংলাদেশে আসবে ভারত। আগামী ৩ নভেম্বর কলকাতা থেকে ১৮ জন ঢাকায় আসবেন। বাকি খেলোয়াড়রা পরে দলের সঙ্গে যোগ দেবেন।
৬ দলের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে পড়েছে ভারত। তার সঙ্গী মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের অন্য ম্যাচ মালদ্বীপের বিপক্ষে ১১ নভেম্বর। দুই গ্রুপ থেকে শীর্ষ ২ বল সেমিফাইনালে জায়গা পাবে।
ফাইনাল হবে ১৭ নভেম্বর। সব ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে।
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের স্কোয়াড—
গোলরক্ষক : আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।
ডিফেন্ডার : আবদুল রবি, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাওইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মোহাম্মদ উভাইস, নাথান রদ্রিগেস, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার : অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচোম, ব্রাইসন ফার্নান্দেস, এবিনদাস যেসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, ম্যাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড : ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মোহাম্মদ সুহাইল, বিষ্ণু পি ভি, সুহাইল আহমেদ ভাট।
বাংলা৭১নিউজ/আরএইচ



























