নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন সমাজকল্যাণ, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। এসময় তিনি বলেছেন, ‘অপরাধী যেই হোক শাকিল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।
তাকে মেরে ফেলার অধিকার কারো নেই।’
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে শাকিল ইসলামের কবর জিয়ারতে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শাকিল হত্যার ঘটনায় কোনো ভাঙচুর করা যাবে না। এ হত্যাকান্ডের ঘটনা যেন ভিন্নখাতে প্রবাহিত না হয়, আমাদের সে চেষ্টা থাকবে।
শাকিলের বাবা রবিউল করিম বলেন, ‘আমার ছেলে হত্যার উপযুক্ত বিচার চাই। কিন্তু পুলিশ আমার দেওয়া আসামিদের নাম বাদ দিয়ে অজ্ঞাতনামা মামলা দিয়েছে। এজন্য বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।’
এসময় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী ও মিজানুল হক ডিউক, জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে পায়ে হেটে বাড়ি ফেরার পথে শাকিলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হেলমেট পড়া দুই যুবক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে এবং পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ






















