রাজশাহীর পবা উপজেলায় নিজবাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে পবা থানা পুলিশ মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামের এই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পবা থানার ওসি আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবুল কালাম আজাদের মরদেহের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাতে বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা কেন এবং কিভাবে ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরো জানান, সকালেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























