খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান ও তার স্ত্রী জাকিয়া মাহাবুবের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ অক্টোবর) দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, মামলার বাদী দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল। মামলায় মাহাবুবুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ এবং তার স্ত্রী জাকিয়া মাহাবুবের বিরুদ্ধে স্বামীর সহযোগিতায় ৭৫ লাখ ৩৪ হাজার ৪৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এস এম মাহাবুবুর রহমান বর্তমানে নেত্রকোনা জেলা পরিষদে কর্মরত রয়েছেন।
জানা গেছে, এস এম মাহাবুবুর রহমান সম্পদ অর্জনের তথ্য গোপনপূর্বক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও ২৬ (২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে স্ত্রীর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও দণ্ডবিধি, ১৮৬০ এর ১০৯ ধারায় পৃথক মামলা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস























