ফুটবলের গল্পে কিছু রাত লেখা থাকে রেকর্ডের কালি দিয়ে। কারো কাছে আবার মাইলফলকের আনন্দ, কারো কাছে হ্যাটট্রিকের।
বায়ার্ন মিউনিখের হয়ে গতকাল এমনই এক রাতে আলো ছড়ালেন হ্যারি কেইন ও লুইজ দিয়াজ।
বুন্দেসলিগায় গতকাল শততম ম্যাচ খেলতে নেমেছিলেন কেইন। এমন মুহূর্তটা রাঙালেন গোল দিয়ে। আর দিয়াস করলেন হ্যাটট্রিক।
দুই তারকার ঝলকে লাইপজিগকে ৬-১ গোলে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বায়ার্ন।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১২ মিনিটে জশুয়া কিমিখের বাড়ানো বলে প্রতিপক্ষের গোলমুখ খোলেন দিয়াজ। ১৪ মিনিট পর নিজেই সতীর্থের ভূমিকায়। তার পাস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দার পাভলোভিচ।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে কেইনের সঙ্গে ওয়ান টু ওয়ান করার পর ৩-০ করেন মাইকেল ওলিসে।
বিরতির পর ফিরে আবার দিয়াজের আঘাত। ৪৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড। ৫৩ মিনিটে শততম ম্যাচ রাঙানোর সুযোগ পান কেইন। নাথানিয়েল ব্রাউনের কাটব্যাক থেকে গোল করে শততম ম্যাচ স্মরণীয় করেন তিনি।
লিগে এটি তার ১০২তম গোল।
অন্যদিকে ম্যাচের ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের দুরন্ত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ। বিপরীতে যোগ করা সময়ে লাইপজিগের হয়ে সান্ত্বনার গোল করেন আন্দ্রিজা মাকসিমোভিচ।
৬-১ গোলের জয়ে অপরাজিত যাত্রা ধরে রেখেছে বায়ার্ন। ৬ ম্যাচের মধ্যে ২ ড্রয়ে ৪ জয় তাদের। ১৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে ডর্টমুন্ড।
বাংলা৭১নিউজ/আরএইচ





























