প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলকে জন্মদিনে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্বামী অভিনেতা রাজ বাব্বর। শনিবার (১৭ অক্টোবর) স্মিতার ৭১তম জন্মবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি শেয়ার করে স্ত্রীকে নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছেন রাজ।
স্মিতার অভিনয়প্রতিভা ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘আমি তাকে মিস করি।’
পোস্টে রাজ বাব্বর লেখেন, স্মিতার মধ্যে ছিল বিরল সংবেদনশীলতা। তার জীবনযাত্রা ছিল দুঃখজনকভাবে সংক্ষিপ্ত, কিন্তু অভিনয়শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন গভীর ছাপ। শুধু চরিত্রে অভিনয় করতেন না স্মিতা, বরং অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলোর ভেতরের অনুভূতিকে জীবন্ত করে তুলতেন।
স্মিতাকে স্মরণ করে রাজ আরো লেখেন, ‘তার আন্তরিকতা, অসাধারণ প্রতিভা এবং তাকে বিশেষ করে তুলেছিল এমন সবকিছুই আমার মনে পড়ে।’ স্মিতার কাজ ও স্মৃতি যে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে, সে কথাও উল্লেখ করেন তিনি।
রাজের ভাষায়, শিল্পীরা একসময় পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু স্মিতা যাদের হৃদয় ছুঁয়েছেন, তাদের প্রত্যেকের মনে নিজের একটি অংশ রেখে গেছেন।
সিনেমার সেটে পরিচয়
১৯৮২ সালে ‘ভিগি পালকেঁ’ সিনেমার শুটিংয়ের সময় রাজ বাব্বর ও স্মিতা পাতিলের পরিচয় হয়।
তাদের ছেলে অভিনেতা প্রতীক স্মিতা পাতিলের জন্ম ১৯৮৬ সালের ২৮ নভেম্বর।
তবে সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক জটিলতার কারণে একই বছরের ১৩ ডিসেম্বর মাত্র ৩১ বছর বয়সে মারা যান স্মিতা। তার মৃত্যুর পর প্রতীক মুম্বাইয়ে নানা-নানির কাছে বড় হন।
স্বল্প জীবনে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন স্মিতা পাতিল। জন্মবার্ষিকীতে রাজ বাব্বরের এই স্মৃতিচারণায় উঠে এসেছে প্রয়াত অভিনেত্রীর প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতির কথা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























