অস্ট্রেলিয়ার জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে উত্তপ্ত ও চর্চিত বিষয় হয়ে উঠেছে অভিবাসন নীতি। আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং নাগরিক সুবিধার ওপর ক্রমবর্ধমান চাপ সামলাতে দেশের বাৎসরিক নিট অভিবাসন কমিয়ে এক লাখের নিচে নামিয়ে আনার এক আগ্রাসী পরিকল্পনা ঘোষণা করেছে বিরোধী জোট। বিরোধী দল ও ক্ষমতাসীন লেবার সরকারের নীতিগত বিরোধকে কেন্দ্র করে ক্যাপিটল হিলে এখন জোর তর্কবিতর্ক চলছে।
বিরোধী জোটের প্রস্তাবিত নীতি অনুযায়ী, বাৎসরিক নিট অভিবাসীর সংখ্যা এক লাখে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে, যা বর্তমান হারের প্রায় এক-তৃতীয়াংশ। পাশাপাশি স্থায়ী অভিবাসন কোটা ১ লাখ ৮৫ হাজার থেকে কমিয়ে প্রাথমিক বছরগুলোতে ১ লাখ ৪০ হাজার-এ নামিয়ে আনা এবং আগামী চার বছরে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী কর্মীসহ প্রায় ৬ লাখ ৫০ হাজার ভিসা ধারক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের মূল যুক্তি হলো—দেশে নতুন আবাসন নির্মাণ ও অবকাঠামোগত সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে অভিবাসী ভিসা মঞ্জুর করা প্রয়োজন।
কঠোর এই পরিকল্পনার স্বপক্ষে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন স্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, “লেবার সরকার অভিবাসন ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না এবং একে টেকসই পর্যায়ে রাখতেও ব্যর্থ হয়েছে। অভিবাসনের সংখ্যা কমিয়ে আনলে তা আমাদের রাস্তাঘাট, অবকাঠামো ও আবাসনের ওপর থেকে তীব্র চাপ কমাবে এবং লেবার সরকারের রেকর্ড অভিবাসনের পর দেশকে আবার গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেবে।”
অন্যদিকে, অ্যান্থনি অ্যালবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার বিরোধী দলের এই পরিকল্পনাকে দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবাস্তব বলে আখ্যা দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহামারীর পরবর্তী সময়ে বেড়ে যাওয়া নিট অভিবাসন ইতোমধ্যে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে অর্ধেক কমিয়ে আনা সম্ভব হয়েছে। সরকারের মতে, আবাসন ও স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে নির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে কর্মী আনার প্রক্রিয়া সচল রাখতে হবে।
বিরোধী দলের হঠাৎ এই ছাঁটাই পরিকল্পনার কড়া সমালোচনা করে সরকারি দলের প্রতিনিধি তথা ট্রেজারার জিম চালমার্স বিরোধী নেতৃত্বের অবস্থানকে অর্থনীতিবিরোধী আখ্যা দিয়ে বলেন, “পিটার ডাটন যেভাবে হুট করে অভিবাসন ছাঁটাইয়ের কথা বলছেন, তাতে আমাদের দেশের দক্ষতার ভিত্তি ও অর্থনীতির যে পরিমাণ ক্ষতি হবে তা পরিমাপ করা অসম্ভব। অর্থনীতি ও দক্ষতার মূল ভিত্তিকে ধংস না করেও অভিবাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব।”
বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত কড়াকড়ি নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী জেসন ক্ল্যার। বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণের সরকারি পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে তিনি অত্যন্ত বিনয়ী ও ভারসাম্যপূর্ণ একটি বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী জেসন ক্ল্যার বলেন, “আন্তর্জাতিক শিক্ষা আমাদের অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রপ্তানি খাত, তবে এটিকেও আমাদের টেকসইভাবে পরিচালনা করতে হবে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা যেন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থকে সঠিকভাবে ত্বরান্বিত করে।”
বাৎসরিক অভিবাসন এক লাখে নামানোর এই প্রস্তাব অস্ট্রেলিয়ার শিক্ষাসংক্রান্ত রফতানি খাত ও ব্যবসায়িক পরিমণ্ডলেও উদ্বেগ সৃষ্টি করেছে। দেশের নির্মাণ শিল্প ও বিজনেস চেম্বার সতর্ক করে জানিয়েছে যে, ঢালাও ছাঁটাই কৌশল দক্ষ কর্মীর অভাব তৈরি করতে পারে। তবে সাধারণ জনগণের একটি বড় অংশ আবাসন মূল্যবৃদ্ধির চাপের কারণে এই কঠোর পদক্ষেপকে সমর্থন জোগাচ্ছে।
সব মিলিয়ে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন হ্রাস ও স্থায়ী অভিবাসনে লাগাম টানা এবং জাতীয় অর্থনীতির গতি ধরে রাখার মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন অস্ট্রেলিয়ান রাজনীতির মূল কেন্দ্রে রূপ নিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি



























