দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সরকার সবল রয়েছে, তাই সরকারকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন, তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।’
নূরুল ইসলাম মনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে। কোনো পক্ষ পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবিধান সংশোধনের বিষয়ে জানতে চাইলে চিফ হুইপ বলেন, ‘সংশোধনের জন্য সব পক্ষের সঙ্গেই বসা হচ্ছে।’ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ধর্মীয় নেতাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘খতিব-পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মূল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা করার প্রয়োজন, তা করছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























