অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কোনও ধরনের কারিগরি জটিলতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে চলতি নভেম্বর মাসের মধ্যে প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদনের প্রাথমিক কার্যক্রম এগিয়ে নেয়া হয়েছে। বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয়ের কাজও চলছে। প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। আপাতদৃষ্টিতে কোনও সমস্যা নেই, নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন বলে তিনি আশা প্রকাশ করে বলেন, এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই দেশের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে। তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি।
বায়েরা চেয়ারম্যান আরও জানান, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনের সময়সূচি নির্ভর করছে। এ কারণে এখনই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা সম্ভব হচ্ছে না। প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন এবং সেই পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রূপপুর প্রকল্পের সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে পূর্ণ সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সেই হিসাবে প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত করেই সরাসরি নিয়মিত সরবরাহ শুরু হবে না।
পরীক্ষামূলক সংযোগের পর কয়েকদিন উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময় কোনও ধরনের ত্রুটি বা কারিগরি সমস্যা রয়েছে কি না, তা যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে বায়েরা থেকে প্রয়োজনীয় অনুমোদন নেয়া হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার সর্বাধুনিক পারমাণবিক প্রযুক্তি, অর্থায়ন ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।
বাংলা৭১নিউজ/জেএস






















