আমাদের দেশে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের বিখ্যাত খাবার ‘চিকেন খাবসা’ বা ‘কাবসা’। রান্নার প্রক্রিয়ায় বিরিয়ানির সঙ্গে কিছুটা মিল থাকলেও এর মসলা ও স্বাদে রয়েছে দারুণ ভিন্নতা।
যেকোনো পারিবারিক উৎসব কিংবা অতিথি আপ্যায়নে ভিন্নরকম স্বাদ পরিবেশন করতে খুব সহজেই এটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়।
প্রয়োজনীয় উপকরণ
মুরগির মাংস: দেড় কেজি
পোলাওর চাল: ৫০০ গ্রাম
তেল ও সবজি: সয়াবিন তেল ১/২ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, রসুন কুচি ৬ কোয়া, টমেটো কুচি ৩টি, টমেটো বাটা ১/৪ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ এবং কিসমিস ১/৮ কাপ।
মসলা ও অন্যান্য: মুরগির স্টক ২ কাপ, সিরকা ১/২ চা-চামচ, সরিষা বাটা ১ চা-চামচ, গরম মসলা ১/২ চা-চামচ, এলাচ গুঁড়া ১/৪ চা-চামচ, দারুচিনি গুঁড়া ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা-চামচ, পাপরিকা পাউডার ১ চা-চামচ, লবঙ্গ ২টি, জায়ফল গুঁড়া ১ চিমটি, কালো গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ফুড কালার বা স্যাফরন ১/২ চা-চামচ এবং স্বাদমতো লবণ।
তৈরি করার সহজ উপায়
প্রথমে বাটিতে শুকনা ও বাটা মসলার উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিন।
এরপর চুলায় ননস্টিক পাত্রে ১/৪ কাপ তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে মুরগির টুকরোগুলো দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।
এবার মুরগির মধ্যে টমেটো বাটা, আগে থেকে তৈরি করা মসলার মিশ্রণ, টমেটো কুচি ও সিরকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঝোল বা সস থেকে মাংসের টুকরোগুলো আলাদা করে তুলে নিতে হবে।
তুলে নেওয়া মাংস ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হালকা বাদামি না হওয়া পর্যন্ত বেক করে নিন। ওভেন না থাকলে মাংসের টুকরোগুলো একটি ফ্রাইপ্যান বা কড়াইতে সামান্য তেল বা মাখন (বাটার) দিয়ে মাঝারি আঁচে বসিয়ে দিন। মাংসের সব পাশ উল্টে-পাল্টে লালচে বা বাদামি পোড়া-পোড়া ভাব না হওয়া পর্যন্ত লাল করে ভেজে নিন।
অন্য দিকে পাত্রে থাকা সেই গ্রেভি বা সসের মধ্যেই ধুয়ে রাখা পোলাওয়ের চাল এবং পরিমাণমতো গরম পানি দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে ভাত হয়ে এলে ওপর থেকে ওভেনে বেক করা মুরগির টুকরোগুলো সুন্দর করে বসিয়ে দিন।
সবশেষে ওপর থেকে হালকা গরম মসলা গুঁড়া, গাজর কুচি ও কিসমিস ছিটিয়ে দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু এরাবিয়ান চিকেন খাবসা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























