দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির দাবি, সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষের জন্য ‘বিভীষিকাময়’ পরিস্থিতি তৈরি হয়েছে।
মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও ন্যূনতম স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের নির্মোহ আত্মমূল্যায়ন জরুরি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন স্বাক্ষর করেন।
বিবৃতিতে সিপিবির নেতারা বলেন, সংঘবদ্ধ হামলা, লুটপাট, দখল, ভাঙচুর ও চাঁদাবাজি কঠোর হাতে বন্ধ করতে হবে।
হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইসহ প্রতিটি ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। এসব অপকর্মে নিজেদের দলের লোকজন জড়িত থাকলে তাদের আগে আইনের আওতায় এনে সরকারকে আন্তরিকতার প্রমাণ দিতে হবে।
সিপিবির নেতারা বলেন, দেশে প্রকাশ্যে ও রাতের আঁধারে সংঘবদ্ধভাবে হামলা, লুটপাট, দখল ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকারদলীয় ও প্রভাবশালী ব্যক্তিদের নাম আসছে।
এমনকি রাজনৈতিক দলের কার্যালয়ে সভা চলাকালে সরকারদলীয় লোকজন দলবদ্ধ হয়ে হামলা চালাতে ঢুকে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।
বিবৃতিতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে সিপিবি। দলটির দাবি, শান্তি-শৃঙ্খলা রক্ষার পরিবর্তে পুলিশ গুণ্ডাদের সঙ্গে মিলে কার্যক্রম নিষিদ্ধ দলের কর্মী আখ্যা দিয়ে গণহারে মানুষকে আটক করছে। সিপিবির নেতারা বলেন, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব নাগরিকের জান-মাল, সম্পদ ও রাজনৈতিক অধিকার রক্ষা করা। অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে পুলিশের কোনোভাবেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে মিলে উৎপাত সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গভীর রাতে সংঘবদ্ধ হামলা, লুটপাট এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
সিপিবির ভাষ্য, ওই হামলা ও দখলচেষ্টার সঙ্গে বিএনপির একজন সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা, মাতৃসেবা ও শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। সংবাদপত্রে প্রকাশিত প্রমাণের কথা উল্লেখ করে দলটি দাবি করেছে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের সহযোগিতা করেছে অথবা নীরব সমর্থন দিয়েছে।
সিপিবির নেতারা বলেন, রাষ্ট্রকে সবার নিরাপত্তা, নাগরিক অধিকার ও রাজনৈতিক অধিকার একই মানদণ্ডে নিশ্চিত করতে হবে। সরকার বাস্তব পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করতে ব্যর্থ হলে এর মূল্য জনগণকেই দিতে হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























