ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছরের শিশু মাহিদা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদুল ইসলামকে (২০) কোনোরকম আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। মাহিদার পরিবারের অনুরোধের প্রেক্ষিতে আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোপূর্বেও ঘটা ন্যক্কারজনক ঘটনার আসামিদের পাশে দাঁড়াননি আইনজীবীরা। শিশু মাহিদাকে ধর্ষণ শেষে হত্যার মতো নৃশংস ঘটনায়ও কোনো আইনজীবী আসামি জাহিদুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে তাকে আইনি সহায়তা দিবে না। বরং মাহিদার ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত সম্পাদন করতে আইনজীবীরা কাজ করবে।
এর আগে মৃত শিশু মাহিদার মা মনিরা আক্তারসহ পরিবার-পরিজন ও স্থানীয় গ্রামবাসী আইনজীবী সমিতিতে গিয়ে ঘাতক জাহিদুলের পক্ষে মামলা পরিচালনা না করার জন্য লিখিত অনুরোধ জানান।
পরে মাহিদার স্বজন ও বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরের বিভিন্ন পয়েন্টে আসামি জাহিদুলের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
এদিকে, মাহিদাকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার জাহিদুল ইসলাম ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। শনিবার সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। ঘাতক জাহিদুল স্বীকার করে যে মাহিদাকে ধর্ষণের পর বালিশচাপা ও গলা টিপে হত্যা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের কোর্ট পরিদর্শক মো. হাবিবুল্লাহ সরকার জানান, ১৬৪ ধারায় জবানবন্দি শেষে জাহিদুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর হত্যার করা হয়। উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের আন্দিদিল গ্রামের এ ঘটনায় উত্তেজিত লোকজন ঘাতক জাহিদুল ইসলামকে (২০) বেদম পিটিয়ে পুলিশে দেয় ও তার বাড়িতে হামলা করে।
হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু মাহিদা ওই গ্রামের সৌদি প্রবাসী মোজাম্মেল হকের মেয়ে।
সে স্থানীয় একটি মাদরাসায় পড়ত। ময়না তদন্ত শেষে শুক্রবার রাতে শিশু মাহিদার লাশ দাফন করা হয়েছে। শিশু মাহিদা ও অভিযুক্ত জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজি।
বাংলা৭১নিউজ/আরএইচ

























