ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সনিয়া (২৬) ও তাঁর ১০ মাসের মেয়ে জান্নাত। সনিয়া দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।
নিহতের স্বামী আবুল হোসেন জানান, স্ত্রীর মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন তিনি।
দুপুরে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো পথে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সনিয়া ও তাঁর মেয়ে জান্নাত।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন।
কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জান্নাতও।
স্ত্রী ও মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে আবুল হোসেন বলেন, ‘বাসটি উল্টো পথে না এলে আজ স্ত্রী-মেয়েকে হারাতে হতো না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মা-মেয়েকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















