নদীতে ট্রলার ডুবে নিখোঁজ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নিখোঁজ চার জনের মধ্যে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন বাবা।
তলিয়ে যাওয়ার দুদিন পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে এবং শনিবার সকাল সাড়ে ৮টায় বৈদ্যারবাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে মরদেহ উদ্ধার করা হয় তাদের।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া তিনজন হলেন-বড় ভাই সজীব ও ছোট ভাই শামীম ও নিখোঁজ হেলাল মিয়ার বড় মেয়ে সামিয়া।
এর আগে, গত বৃহস্পতিবার ট্রলারে করে সোনারগাঁয়ের বৈদ্যর বাজারে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে তাদের বহনকারী ট্রলারটি ঝড় তুফানের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে তাৎক্ষণিক রায়েসা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার হলেও বাকি চারজনের খোঁজ মেলেনি। এরপর দুইদিন খোঁজাখুঁজির পর আজ ভোরে মেঘনা নদীতে সামিয়ার মরদেহ ভেসে ওঠে। আজ সকালে সোনারগাঁ থেকে অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ শ্রীমদ্দি গ্রামে নিয়ে আসা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপরজন হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















