এবার কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ বিভিন্ন মামলায় ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে জেলার ১৮ থানায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মাদকের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৯৮টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় আরো ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করেছে জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















