চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. মহিউদ্দিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা মাদক কারবারির সঙ্গে জড়িত মুজিবুর নামে এক ব্যক্তির বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহছানিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারির সঙ্গে জড়িত।
তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। প্রায় দুই মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে বের হয়ে তিনি আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে কয়েক দিন আগে আহছানিয়া পাড়ায় একটি সামাজিক সংগঠন গঠন করা হয়। মহিউদ্দিন ওই সংগঠনের সদস্য ছিলেন এবং এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
বৃহস্পতিবার মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে ইব্রাহিম নামে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করেন।
স্থানীয়দের দাবি, ইব্রাহিম মুজিবুর রহমানের সহযোগী হিসেবে কাজ করেন। হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে একদল উত্তেজিত জনতা মুজিবুর রহমানের ভাড়া বাসায় গিয়ে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।
এতে ঘরের একটি গবাদিপশু পুড়ে মারা যায়।
আহত মহিউদ্দিনের ফুফাতো ভাই শিহাব উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইব্রাহিম আমার ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। মহিউদ্দিন ও ইব্রাহিমের মধ্যে বিরোধের জেরে মহিউদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের বাড়িতে আগুন দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























