বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের কর্মচারী রাজু আহমেদ (২৪) হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে নেত্রকোনা-১ এর সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে নেতা মোশতাক আহমেদ ওরফে রুহিকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম কবির আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে গতকাল বিকেলে তাকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামির জামিন বাতিল চেয়ে আটক রাখার পক্ষে শুনানি করেন।
অপরদিকে আসামিপক্ষে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুসহ অন্যান্য আইনজীবীরা তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ ও আটক রাখার আবেদন অনুযায়ী, ২৪ এর জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে জননী কুরিয়ার সার্ভিসের সামনে আন্দোলন দেখারত অবস্থায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী রাজু আহমেদ। পরে ঢাকা মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মারা যাওয়ার পরে রাজুর পিতা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
ওই মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে সাবেক এ এমপিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/আরএইচ























