প্রতারণার অভিযোগে নতুন ভিশন লিমিটেড ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নূর আলীসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। আইনজীবী মো. সুলতান মাহমুদ বাদী হয়ে আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বী।
মামলার অন্য আসামিরা হলেন- নতুন ভিশন লিমিটেডের পরিচালক ও পিএইচপি পরিবারের পরিচালক মোহাম্মদ আলী হোসেন, দৈনিক আমাদের সময়ের সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, আমাদের সময়ের প্রকাশক ড. খন্দকার শওকত হোসেন, আমাদের সময়ের সাবেক সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা মুসা আহামেদ।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী ২০০৬ সালের ১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় পত্রিকায় রিপোর্টিং এবং সম্পাদকীয় বিভাগে নিয়মিতভাবে কাজ করেন। সে হিসেব অনুযায়ী ১৫ লাখ ৫৯ হাজার ৬২৫ টাকা পাওনা রয়েছে।
চাকরি ছাড়ার পর বাদীকে তার পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়নি। বারবার বলা সত্ত্বেও বাদীকে কোনো বকেয়া পরিশোধ না করে বিভিন্ন ধরনের টালবাহানা করছেন। সর্বশেষ ১৫ আগস্ট বাদী পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং টাকা দিতে অস্বীকার করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















