রাষ্ট্রের আইন কর্মকর্তার পদ ছেড়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আইন ও বিচার বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা। তারও দুদিন আগে, গত ৭ সেপ্টেম্বর একযোগে পাঁচজন উচ্চপদস্থ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি ও মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
এ ছাড়া পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সম্প্রতি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে সরে দাঁড়ান সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম।
এর আগে গত জুন মাসে সরকারের একাধিক সিদ্ধান্ত ও অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ মোট ১৮ জন কর্মকর্তা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
ওই সময়ে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদের অংশ হিসেবে তারা সম্মিলিতভাবে পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ






















