মেঘলা আকাশ কিংবা অন্ধকার আবহাওয়ার কারণে পৃথিবীর ছবি তুলতে স্যাটেলাইটের যে সীমাবদ্ধতা রয়েছে, তা কাটাতে নতুন প্রযুক্তি তৈরি করেছে ভারতের মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ গ্যালাক্সআই। এই প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সআইয়ের পেটেন্ট করা প্রযুক্তি স্যাটেলাইটে থাকা অপটিক্যাল ও রাডার সেন্সরকে সমন্বয় করে কাজ করবে। এর ফলে একই এলাকার ছবি একই সময়ে নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হবে। মেঘের আড়াল কিংবা অন্ধকারেও পৃথিবীর নির্ভরযোগ্য তথ্য সংগ্রহে প্রযুক্তিটি কাজে আসতে পারে।
গ্যালাক্সআই জানিয়েছে, তাদের এই প্রযুক্তি আবহাওয়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে বিভিন্ন খাতে স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবহারের সুযোগ বাড়াবে।
নিরাপত্তা, কৃষি, বীমা ও দুর্যোগ মোকাবেলার মতো ক্ষেত্রে এ ধরনের তথ্যের চাহিদা দ্রুত বাড়ছে।
গ্যালাক্সআই এখন পর্যন্ত প্রায় ২ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন ভারতের আইআইটি মাদ্রাজের প্রকৌশলীরা। আগামী পাঁচ বছরে ৩০টি স্যাটেলাইট নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।
সম্প্রতি বেঙ্গালুরুভিত্তিক মহাকাশযান প্রকৌশল প্রতিষ্ঠান স্টারঅপসও অধিগ্রহণ করেছে গ্যালাক্সআই। এর মাধ্যমে স্যাটেলাইট তৈরি ও সিস্টেম উন্নয়নের সক্ষমতা আরো বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজিংয়ের বাজারও দ্রুত বড় হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান স্কাইকোয়েস্ট টেকনোলজির হিসাবে, ২০২৪ সালে এই বাজারের মূল্য ছিল ৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। ২০৩৩ সালের মধ্যে তা বেড়ে ২০ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
ভারতও বেসরকারি মহাকাশ খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দেশটির লক্ষ্য, আগামী এক দশকের মধ্যে বাণিজ্যিক মহাকাশ শিল্পের আকার প্রায় ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত করা। এই প্রেক্ষাপটে গ্যালাক্সআইয়ের নতুন পেটেন্টকে ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























