দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো. জামাল মিয়া উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো. ছিডু মিয়া ব্যাপারীর ছেলে। বাড়িতে তার মা-বাবা, স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় চার-পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে তিনি একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন।
একজন কর্মচারী রেখে নিজেই ব্যবসাটি পরিচালনা করছিলেন। ঘটনার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। হামলায় দোকানে থাকা কর্মচারীও গুরুতর আহত হন।
বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। বাবাকে হারিয়ে ছোট তিন সন্তানসহ স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
মো. ছিডু মিয়া ব্যাপারী বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে তার ছেলের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থার দাবি জানিয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং দক্ষিণ আফ্রিকার প্রচলিত আইনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলছুম মনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেরে দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ দূতাবাসের সেক্রেটারি-২ এর সঙ্গে যোগাযোগ করেছি। মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ নিহতের পরিবারকে প্রয়োজনীয় বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















