২০০৭ সালে ‘লাগা চুনারি মে দাগ’-এ একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন ও রানী মুখার্জিকে। এরপর আর স্ক্রিন শেয়ার করেননি তারা। এবার ২০ বছর পর শাহরুখ খানের কল্যাণে পর্দায় পুনর্মিলন হতে যাচ্ছে অভিষেক-রানীর। কেননা ‘কিং’ সিনেমায় দেখা যাবে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
শুরুতে গুঞ্জন উঠেছিল শাহরুখকন্যা সুহানা খানের মায়ের ভূমিকায় দেখা যাবে রানীকে। এবার শোনা যাচ্ছে অভিষেকের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেত্রী। বচ্চনপুত্রকে খল চরিত্রে দেখা যেতে পারে বলেও মাথাচাড়া দিয়েছে গুঞ্জন। তবে এ নিয়ে শাহরুখ মুখ খলেননি।
সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশ্নত্তোর পর্ব ASKSRKতে এক অনুরাগী রানির সঙ্গে কিং খানের পুনর্মিলনে উচ্ছ্বাস প্রকাশ করলে অভিনেতা বলেন, ‘সিনেমা আর সিনেমার বাইরে রানীকে আমি খুব ভালোবাসি।’
একসময় অভিষেক-রানী জুটি ভক্তদের সমাদর পেত। ‘কভি আলবিদা না কহেনা’, ‘ব্যাস ইতনা সা খাওয়াব হ্যায়’-এর মতো বেশকিছু ছবি দিয়েছেন তারা। এরপর দুই দশক আর স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের্। এতে দর্শকের আক্ষেপ ছিল। ‘কিং’ ছবির মাধ্যমে সে আক্ষেপ কাটতে পারে বলে ধারণা অনেকের।
২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। এ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার। ছবিতে শাহরুখ একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করেছেন। সুহানাকে দেখা যাবে তার শিষ্যের ভূমিকায়। আরও দেখা যেতে পারে দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর এবং অভয় বর্মার মতো নামকরা অভিনেতাদের।
বাংলা৭১নিউজ/জেএস




























