নাটোরের লালপুরে অপরিকল্পিতভাবে সড়কের ওপর কাঁচাবাজার ও মাছের বাজার বসানোর কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, শিক্ষার্থী ও যাত্রীসাধারণ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, লালপুর বাজার মোড় থেকে সুন্দরী মার্কেট পর্যন্ত সড়কের দুই পাশে এবং আংশিকভাবে সড়কের ওপরই বাজার বসানো হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ সময় ধরে যানজট লেগে থাকে।
বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলম ও সিরাজ বলেন, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। বাধ্য হয়েই সড়কের পাশে বসে ব্যবসা করতে হচ্ছে।
প্রশাসন যদি বিকল্প জায়গা নির্ধারণ করে, তাহলে আমরা সেখানেই যেতে প্রস্তুত।
মাছ ব্যবসায়ী আনোয়ার বলেন, সকালে মাছ বিক্রির সময় ক্রেতার চাপ বেশি থাকে। জায়গার অভাবে রাস্তার ওপরই বসতে হয়। এতে যানজট হচ্ছে, সেটাও আমরা বুঝি, কিন্তু উপায় নেই।
স্থানীয় ওষুধ ব্যবসায়ী টুটুল বলেন, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই সড়কে চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। রোগীরা সময়মতো ওষুধ নিতে পারছেন না, অ্যাম্বুলেন্সও আটকে যাচ্ছে।
নিরাপদ সড়ক চাই সংগঠনের লালপুর উপজেলার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়ক দখল করে বাজার বসানো সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ। দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, বাজারের জায়গা সীমিত হওয়ায় ব্যবসায়ীরা বাইরে বসছেন।
আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করছি।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন বলেন, ‘সড়কের ওপর বাজার বসানোর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খুব শিগগিরই অভিযান পরিচালনা করে সড়ক দখলমুক্ত করা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
বাংলা৭১নিউজ/আরএইচ






















