খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১৮০ দিনে ৫০০টি ভেজালবিরোধী মোবাইল কোর্ট ও অভিযান চালিয়েছে। এসব অভিযানে ২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝুঁকিভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন খাদ্যস্থাপনা, আড়ত এবং পাইকারি ও খুচরা খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং করছে। পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ, কাউন্সেলিং, সভা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে সচেতন করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮০ দিনে মোট ৭ হাজার ৭৬৬টি খাদ্য স্থাপনা মনিটরিং এবং নিরাপদ খাদ্য আইনসহ অন্যান্য আইনে ৫০০টি ভেজালবিরোধী মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ























