গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে মাইক্রোবাস চালক মাসুদ রানা (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুৃৃৃর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদরের বাঁশগাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে। আহত মো. সানিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তিনি মাইক্রোবাসের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে ওই এলাকায় আলহামরা পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখী ওষুধবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অপরদিকে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ভিতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে মাইক্রোবাসের ভিতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও তার সহকারি পালিয়ে গেছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























