মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশে গুমের দিন শেষ হয়ে গেছে। আমরা সেই ভয়াবহ, ভয়াবহ একটি কালো অধ্যায় অতিক্রম করেছি।
আগামী দিনে একটি ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
এ সময় তিনি বিগত সময়ে গুম ও নির্যাতনের ঘটনার বিচার করা হবে বলেও জানান।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানও উপস্থিত ছিলেন সেখানে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে বিগত বছরগুলোতে বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপির বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। এবার প্রথমবারের মতো সরকারি দল হিসেবে দিবসটি পালন করতে যাচ্ছে বিএনপি।
প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে গত দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও অন্যান্য ব্যক্তিদের মধ্যে যারা গুমের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, গুম, বলপূর্বক গুম, অন্তর্ধান-যে নামেই আমরা ডাকি না কেন, এ ধরনের ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধ আর কখনো বাংলাদেশে সংঘটিত হবে না। বিগত দিনে যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার আমরা করব। সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে।’
আওয়ামী লীগ নেতাদের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, প্রতিটি হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলমান। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানদণ্ডে অভিযুক্তদের বিচার করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের দাবি, তাদের সর্বোচ্চ বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সেই শাস্তি কার্যকর করা। আমরা সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের আটক রাখা হয়েছে এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘তাদের রাজনৈতিক প্রতিহিংসার বশীভূত হয়ে রুদ্ধ করে রাখা হয়েছে এ কথা বলার কোনো সুযোগ নেই।
বাংলা৭১নিউজ/আরএইচ



























