গ্রামের মেঠোপথ পেরিয়ে যেসব কিশোরী প্রতিদিন আলোর খোঁজে পা বাড়ায়, তাদের সেই স্বপ্নযাত্রাকে আরও দ্রুত ও ছন্দময় করতে এক অপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বালিকাদের হাতে তুলে দেওয়া হয়েছে এক একটি নতুন বাইসাইকেল।
বিদ্যালয়ে যাতায়াতের কষ্ট লাঘব করে দূরত্বের ক্লান্তি মুছে দেওয়া এবং কন্যাসন্তানদের শিক্ষা অর্জনে আরও স্বাবলম্বী ও উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দুই চাকার এই বাহন কেবল তাদের পথ চলার মাধ্যম নয়, বরং আত্মবিশ্বাস ও নারীশিক্ষার অগ্রযাত্রায় এক নতুন দিগন্তের উন্মোচন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালিকাদের হাতে এই বাইসাইকেল তুলে দেন অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন, মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।
বালিকাদের এই আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় যাত্রায় শুভকামনা জানিয়ে তিনি তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। দূরত্বের বাঁধা ডিঙিয়ে বিদ্যা অর্জনের এই আলোর মিছিলে ঘোড়াঘাটের প্রদীপ্ত বালিকারা এগিয়ে যাক বহুদূর—গতির ছন্দে, শিক্ষার গৌরবে।
বাংলা৭১নিউজ/এসএইচবি






















