চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ঘর্ষণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি দরজা খুলে পড়ে যায়।
এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের একেবারে পাশে একটি সিএনজিচালিত টেম্পো পার্ক করে রাখা ছিল। কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ওই স্থান অতিক্রম করার সময় টেম্পোটির সঙ্গে ঘর্ষণ হয়।
এতে টেম্পোটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সময় ট্রেনের একটি দরজা খুলে পড়ে যায়।
এ ঘটনায় ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে এক শিশুর হাত কেটে যায়।
আহত যাত্রীদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক বলেন, ‘ঘর্ষণের ঘটনায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী টেম্পোটি এবং খুলে পড়া দরজাটি হেফাজতে রাখা হয়েছে।’
রেলওয়ের পয়েন্টম্যান রফিকুল ইসলাম বলেন, রেললাইনের পাশে গাড়ি পার্ক করে রাখার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
খুলে পড়া দরজাটি উদ্ধার করে গোমদণ্ডী স্টেশনে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























