চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে ক্রেনচাপায় নাফিসা নাওয়াল (১৯) নিহতের ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রাত সাড় ৮টার দিকে নগরীর ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার সকালে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পথে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তিনি নগরীর বাসা থেকে ‘পাঠাও’ মোটরসাইকেলযোগে হাজী মোহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
ইপিজেড থানা পুলিশ সূত্রে জানা যায়, ২২ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে নাফিসাকে বহনকারী মোটরসাইকেলটি বন্দরটিলা নেভী হাসপাতাল গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেল চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে হঠাৎ রাস্তায় পড়ে যান তিনি।
এ সময় একই লেনে পেছনে থাকা ‘ম্যাক্স’ কম্পানির একটি দ্রুতগতির ক্রেন বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর জখম হন।
স্থানীয় লোকজন ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ইন্টার্ন মারিয়া দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত নাফিসার বাবা মামুন (৪৬) বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় ইপিজেড থানায় মামলা করেন।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























