মাদক কারবারের অর্থ লেনদেনের অভিযোগে গোপালগঞ্জ শহরের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির ম্যানেজার নূর মো. মঞ্জুকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, কক্সবাজার থেকে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আসা মাদকের অর্থ লেনদেন করা হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ-সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে।
একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের ম্যানেজার নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/আরএইচ




























