ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে চালবোঝাই একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে ট্রাকচালক মো. হুমায়ুন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা তার ছোট ভাই মামুন গুরুতর আহত হন।
রবিবার (২৩ আগস্ট) ভোর রাতে নান্দাইলের আমলিতলা জোরপুকুরপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন ফুলপুর উপজেলার সরচাপুর গ্রামের মো. সুরুজ আলী শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) বিকেলে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা সদর থেকে ৪০০ বস্তা চালবোঝাই করে ট্রাকটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রবিবার ভোর আনুমানিক চারটার দিকে নান্দাইলের আমলিতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি সেতুর রেলিং ভেঙে আটকে যায়।
প্রত্যক্ষদর্শী তাবারক আলী জানান, এদিন ভোর চারটার দিকে বাড়ির সামনে বের হতেই প্রচণ্ড শব্দ শুনতে পান। কিছু দূরে গিয়ে দেখতে পান চালবোঝাই ট্রাকটি সেতুর রেলিংয়ে আটকে আছে। সামনে গিয়ে দেখেন ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে গেছে এবং চালক রক্তাক্ত ও অচেতন অবস্থায় ভেতরে আটকে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে দুই ভাই মিলে যৌথভাবে এই মিনি ট্রাকটি ক্রয় করেছিলেন। ট্রাক ভাড়ার আয়েই চলতো তাদের পুরো সংসার। এই মর্মান্তিক দুর্ঘটনায় বড় ভাইকে হারানোর পাশাপাশি উপার্জনের একমাত্র মাধ্যমটি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন সম্পূর্ণ নিস্ব ও দিশেহারা হয়ে পড়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত হুমায়ুনের মরদেহ তার ছোট ভাই মামুনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























