ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় কবিতা মণ্ডল (৩৫) নামে এক প্রসূতির পেটে প্রায় দেড় কেজি গজ রেখেই সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ত্রোপচারের এক মাস ২০ দিন পর ওই রোগীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মন্ডলের স্ত্রী।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহতের স্বামী অশান্ত মণ্ডল বলেন, ‘গত ২৯ জুন ফরিদপুরের সমরিতা হাসপাতালে সিজারের জন্য তাকে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় ডা. লক্ষ্মী রানী দত্ত সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান প্রসব করান।’
পরদিনই কবিতার পেট ফুলে যায়। সেখান থেকে ঢাকা ইবনে সিনা হাসপাতালে গত ৩ জুলাই ভর্তি করা হয়।’
তিনি বলেন, ‘গত ৭ জুলাই ডা. আব্দুল জলিলের তত্বাবধানে চিকিৎসাকালীন পরীক্ষা করে দেখতে পান তার পেটে প্রায় দেড় কেজি গজ রেখে সেলাই দেওয়া হয়েছে।
ওইদিনই সেখানে অপারেশনের মাধ্যমে গজ বের করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার মৃত্যুবরণ করেন তিনি। এখন আমি ২ মাসের সন্তান নিয়ে কিভাবে বাঁচব। আরও ২টি ছোট ছোট ছেলে নিয়ে অথৈই সাগরে পড়লাম। আমি এর বিচার দাবি করছি।’
তিনি আরও বলেন,’চিকিৎসক লক্ষী রানী দত্ত আমার হোয়াইটঅ্যাপে ম্যাসেজ দিয়ে লেখেন, দাদা নমস্কার। ভালো থাকুন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। সব কথার আগে করজোড়ে ক্ষমা প্রার্থী। ভুল মানুষেরই হয়, অনেক ঝামেলার ভিতর থেকে আমি ভুল করে ফেলেছি। আমি বার বার ক্ষমা প্রার্থী আপনার কাছে। অনেক কষ্টে আছি। আবারও ক্ষমা চাচ্ছি দাদা।’
এ বিষয়ে ডা. লক্ষী রানী দত্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ’আমার খেয়াল নেই, একটু পরে ফোন দিচ্ছি বলে কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।’
বাংলা৭১নিউজ/জেএস


























