চট্টগ্রাম বিভাগের ১১টির প্রত্যেকটি জেলা এবং ইউনিয়ন থেকে মাদক নির্মূল করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে গণজাগরণে অংশ নিতে হবে। চট্টগ্রাম বিভাগের ১১টির প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি ইউনিয়ন থেকে মাদক নির্মূল করব।
ডিআইজি বলেন, গত ১৬ আগস্ট থেকে আমাদের এই রেঞ্জের ১১টি জেলায় সর্বাত্মক অভিযান শুরু হয়েছে। এবার মাদক চেইনের মধ্যে যারা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
মাদকের ডিলার, কারবারি, অর্থ জোগানদাতা এবং পাইকারি-খুচরা ব্যবসায়ী ও সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, কুমিল্লাতে ৩ লাখ ইয়াবা ধরা হয়েছে। গত বুধবার এই রেঞ্জে প্রায় ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ১০০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলহাজতে দেওয়া হয়েছে।
৫০টি নিয়মিত মামলা করা হয়েছে।
ডিআইজি বলেন, সুধী সমাবেশ থেকে আমাদের আন্দোলন গণজোয়ারে পরিণত হয়েছে। এখান থেকেই মাদক নির্মূলের সূচনা হবে। আমরা বহু বছর পরে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের পর মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছি। এখন যদি আমরা মানুষকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে না পারি, এখন যদি সন্ত্রাসমুক্ত জনপদ উপহার দিতে না পারি, তাহলে কখন? এটাই সময়।
এই সময়ে আমাদের সবাইকে মাদক নির্মূল অভিযানে এগিয়ে আসতে হবে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি দেলাওয়ার হোসাইন প্রমুখ।
বাংলা৭১নিউজ/আরএইচ























