চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার টোল রোড এলাকায় গাড়িচালক মো. সজিবকে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. নুরুল আমিন, মো. শাহজাহান ও মো. নুরুল আলম টুটুল।
রায় ঘোষণার সময় নুরুল আলম টুটুল আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। মো. নুরুল আমিন ও মো. শাহজাহান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর কালের কণ্ঠকে বলেন, গাড়িচালক মো. সজিব হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর মো. সজিব নিখোঁজ হন। পরে ২০২১ সালের ২৭ অক্টোবর চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার টোল রোডের পাশের একটি কৃষিজমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সজিব পেশায় গাড়িচালক ছিলেন। তিনি বিভিন্ন জেলায় মালামাল পরিবহনের কাজ করতেন। তার মরদেহের মাথার পেছনে থেঁতলানো আঘাত, বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ


























