বিশ্বকাপের নানা ইস্যুতে বরাবরই সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। তবে এবার সেই সমালোচনা নিছক মন্তব্যে সীমাবদ্ধ নেই, ইনফান্তিনোর গদি টলাতে সরাসরি মিশনে নেমেছে ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পদ থেকে তাকে সরাতে যখন একের পর এক চাল চালছে উয়েফা, ঠিক তখনই নতুন ইউরোপীয় মৌসুমের প্রথম ট্রফি জয়ের মহা-ম্যাচের আগে এই ইস্যু নিয়ে খোঁচানো হলো পিএসজি কোচ লুইস এনরিকেকে। তবে মাঠের বাইরের এই রাজনীতি নিয়ে প্রশ্ন শুনতেই বেশ বিরক্ত হলেন এই স্প্যানিশ কোচ।
উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে ইউরোপা লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার মুখোমুখি হচ্ছে চ্যাম্পিয়নস লিগের রাজত্ব ধরে রাখা পিএসজি। অস্ট্রিয়ার সলজবুর্গে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে নামার আগে ফরাসিদের একমাত্র লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো সুপার কাপের ট্রফি ঘরে তোলা।
অবশ্য ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঝামেলা পোহাতে হয়েছে পিএসজিকে। সলজবুর্গের রেড বুল এরেনায় প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার তুলনায় পিএসজির বরাদ্দকৃত ড্রেসিংরুম ছিল বেশ ছোট। এতে বেজায় ক্ষুব্ধ হন ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা ভিলার সমমানের ড্রেসিংরুমের জোর দাবি জানালে শেষ পর্যন্ত পিএসজির জন্য বাড়তি একটি ড্রেসিংরুম বরাদ্দ দিতে বাধ্য হয় উয়েফা।
ড্রেসিংরুমের ঝক্কি সামলে টিম এনরিকে মাঠে নামতে প্রস্তুত হলেও, ম্যাচের আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে খেলার বাইরের বিতর্কিত বিষয় নিয়েই প্রশ্নবাণে জর্জরিত হতে হয় পিএসজি বসকে। ইনফান্তিনোকে নিয়ে উয়েফার চলমান স্নায়ুযুদ্ধ সংক্রান্ত প্রশ্ন আসামাত্রই বেশ বিরক্তির সুরে এনরিকে বলেন, ‘আমি আমার দলের দিকেই পুরো মনোযোগ রাখছি। তাছাড়া আমি তো কোনো রাজনীতিবিদ নই! এসব প্রশাসনিক বিষয় নিয়ে আমি কথা বলি না। এমনকি আমি ট্রান্সফার মার্কেট নিয়েও কোনো মন্তব্য করি না।’
ট্রান্সফার উইন্ডো চলাকালে বার্সেলোনা থেকে ফরোয়ার্ড ফেরান তোরেসের সম্ভাব্য পিএসজিতে যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও স্প্যানিশ মাস্টারমাইন্ডের উত্তর ছিল বেশ স্পষ্ট ও সংক্ষিপ্ত, ‘এটি আমার কথা বলার আওতার বাইরে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























