হৃদ্রোগ ঠেকাতে বড়সড় পরিবর্তন নয়, ছোটখাটো অভ্যাসই যথেষ্ট, কী খেলে ও না খেলে সুস্থ থাকবে অঙ্গটি
হৃদ্যন্ত্রের রোগ রুখতে নাটকীয় পরিবর্তন আনা দরকার বলে মনে করেন অনেকে। ফলে সহজে সে পথে হাঁটা যায় না। কিন্তু তত দিনে দেরি হয়ে যায়। এই রোগ সারানো সম্ভব, এই রোগ ঠেকানোও তত কঠিন নয়। জর্জিয়া নিবাসী হৃদ্যন্ত্রের শল্যচিকিৎসক জেরেমি লন্ডনের মতে, সুস্থ হৃদ্যন্ত্রের জন্য সবচেয়ে কার্যকর উপায় আসলে অনেকটাই সহজ। প্রতি দিন কী খাচ্ছেন, সেই দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তাঁর কথায়, ‘‘শরীরে কোষগুলির বসবাসের পরিবেশ যত উন্নত করবেন, ততই হৃদ্রোগ বা হৃদ্যন্ত্রের অন্যান্য রোগের ঝুঁকি কমাতে পারবেন। আর তার জন্য কী খাবার খাচ্ছেন, সে দিকে নজর দেওয়া খুব জরুরি।’’
হৃদ্যন্ত্র ভাল রাখতে কী কী খাবার খেতে হবে?
১. চিকিৎসকের মতে, কোনও একটি খাবার হৃদ্যন্ত্রকে সুস্থ রাখতে পারে না। বরং প্রতি দিনের খাদ্যাভ্যাসের সামগ্রিক মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই খাবারের তালিকায় যত বেশি প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার থাকবে, ততই ভাল।
২. তাঁর পরামর্শ, রোজ পর্যাপ্ত পরিমাণে গোটা খাবার খাওয়া উচিত। কারণ, এগুলিতে রয়েছে ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের প্রদাহ কমাতে এবং রক্তনালিকে সুস্থ রাখতে সাহায্য করে।
৩. তা ছাড়া স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণও কমাতে বলেছেন চিকিৎসক। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট খেলে রক্তে ক্ষতিকর এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল বাড়তে পারে, যা হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
জেরেমির মতে, সুস্থ থাকার জন্য কোনও বিশেষ ডায়েট অনুসরণ করার প্রয়োজন নেই। এমন খাদ্যাভ্যাস বেছে নেওয়া উচিত, যা বছরের পর বছর সহজে মেনে চলা সম্ভব। কয়েক দিনের কঠোর নিয়মের চেয়ে দীর্ঘ দিনের স্বাস্থ্যকর অভ্যাস অনেক বেশি কার্যকর।
বাংলা৭১নিউজ/এসকে


























