সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নির্ধারিত তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন প্রাথমিক নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। ]
বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য পদের বিপরীতে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই ডাক ও আনুষঙ্গিক প্রক্রিয়ায় নিয়োগপত্র পাঠানো হবে। জেলা শিক্ষা অফিসে যোগদানের পরপরই প্রার্থীদের পদায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে তাদের পেশাগত দক্ষতার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রাথমিকভাবে ২৯ অক্টোবর যোগদানের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছিল। তবে প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করার সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ অক্টোবরকেই চূড়ান্ত যোগদানের দিন হিসেবে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হলো।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়।
তবে নিয়োগের সকল ধাপ ও আইনি প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও দীর্ঘ দিন ধরে যোগদান করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন নির্বাচিত প্রার্থীরা। এর জেরে গত এপ্রিলের শেষ দিকে রাজপথে আন্দোলনে নামেন তারা। ওই সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করে যোগদান ও পদায়নের স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন।
সর্বশেষ শনিবার সন্ধ্যায় প্রার্থীরা চলতি আগস্ট মাসের মধ্যে লিখিত আদেশ প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রার্থীরা আন্দোলন অব্যাহত রাখার বার্তা দেওয়ার পরই রোববার সরকারের তরফে আগামী ১ অক্টোবর যোগদানের চূড়ান্ত তারিখ ঘোষণা করে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বাংলা৭১নিউজ/একে























