দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় চিকিৎসা সেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।
সোমবার (২৭ জুলাই) বিকেলে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দিয়ে কার্যক্রম চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
লাইসেন্স ফিরে পেয়ে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮ টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সিসহ সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
লাইসেন্স ফেরত পাওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায়ের পাশাপাশি সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবি সংগঠন, আইনজীবী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সোস্যাল মিডিয়া এক্টিভিস্ট, ইসলামিক স্কলার, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
এদিকে কার্যক্রম পুনরায় শুরু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে তিনটি শর্ত বেঁধে দিয়েছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে বলা হয়, রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃক দাখিলকৃত আপিল ও আপিলের অধিকতর বিবরণীর বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ জুলাই ৩ কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়। সরেজমিনে পরিদর্শনপূর্বক তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় শর্তসাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারপূর্বক পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো।
শর্তগুলো হলো—
১। হাসপাতাল পরিচালনায় দ্য মেডিকেল প্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিনেন্স, ১৯৮২ এর নির্দেশনা মানতে হবে।
২। লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।
৩। লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলা৭১নিউজ/জেএস





















