চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাউদ্দিন (৪০) নিহত হয়েছেন। নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে এবং যুবদল নেতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেলে করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে আবুতোরাব বাজারসংলগ্ন মুসলিম চত্বরে পৌঁছালে চট্টগ্রামমুখী সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক এবং অর্থনৈতিক অঞ্চলগামী চট্টগ্রাম অনলাইন ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের একটি ডাবল কেবিন পিকআপের মাঝামাঝি দিয়ে যাওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন বলেন, নিহত সালাউদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএএইচ


























