রাজধানীর জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তা সুদীপ চন্দ্র দে’কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা তাকে কুপিয়েছে তা জানা যায়নি।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর মহাখালীতে টিবি গেট এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন সুদীপ চন্দ্র।
জানা গেছে, আহত ওই কর্মকর্তা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি অপারেটর হলেও তিনি কেনাকাটা (প্রকিউরমেন্ট) সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান জানান, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে টিবি গেট সিগন্যালে হামলার শিকার হন সুদীপ। তাকে ১১ ইঞ্চি লম্বা একটি ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তার পিঠে গভীর ক্ষত তৈরি হয় এবং সেলাই করা লাগে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যাবতীয় টেন্ডার কার্যক্রম পুরোপুরি অনলাইন ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। কোনো একটি কাজের জন্য হয়তো ১০টি প্রতিষ্ঠান আবেদন করে, যার মধ্যে একটি কাজ পায়। বাকি ৯টি অকৃতকার্য প্রতিষ্ঠান প্রায়শই আমাদের কর্মকর্তাদের হুমকি-ধামকি দিয়ে থাকে। সেই আক্রোশ থেকেই এ হামলা চালানো হয়েছে।’
ঘটনার পরপরই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে ছুটে যান এবং চিকিৎসাধীন কর্মকর্তাকে পর্যবেক্ষণ করেন। সেখান থেকেই স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করেন।
ঘটনা জানার পর প্রধানমন্ত্রী জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে অনতিবিলম্বে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশনা দিয়েছেন, যা আগামীকাল থেকেই কার্যকর করার কথা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস























