রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।
রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান জানান, আজ বেলা পৌনে তিনটার দিকে আমি এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেটে যাচ্ছিলাম। এ সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে ওই ব্যক্তি আমাকে ডেকে বলে ভাই আমাকে বাঁচান আমি মরে যাচ্ছি আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান।
পরে আমি ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি তার নাম পরিচয় কিছুই জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর একটি ধারালো অস্ত্রের ছুরিকাঘাত রয়েছে। আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি।
বাংলা৭১নিউজ/এবি






















