আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখেছে স্পেন। ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে লা রোহা।
এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইউরোপীয় দল হিসেবে ইতালির গড়া টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে স্পেন। এখন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয় বা অন্তত অপরাজিত থাকতে পারলেই ইতালিকে ছাড়িয়ে ইউরোপের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত দলের নতুন রেকর্ড গড়বে স্প্যানিশরা।
স্পেন সর্বশেষ হারের মুখ দেখেছিল ২০২৪ সালের ২২ মার্চ। সেদিন প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। এরপর থেকেই বদলে যায় দলের চেহারা। গত দুই বছরেরও বেশি সময় ধরে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কোনো প্রতিপক্ষই হারাতে পারেনি স্প্যানিশদের।
এই দীর্ঘ অপরাজিত যাত্রায় ৩৭ ম্যাচের মধ্যে ২৮টিতে জয় পেয়েছে স্পেন, আর ড্র করেছে ৯টি ম্যাচে। ধারাবাহিক এই পারফরম্যান্সে আক্রমণভাগ যেমন ছিল কার্যকর, তেমনি রক্ষণভাগও ছিল দুর্ভেদ্য।
বিশ্লেষকদের মতে, তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের দুর্দান্ত সমন্বয়ে গড়ে ওঠা বর্তমান স্পেন দলটি বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে। তাই বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের দীর্ঘতম অপরাজিত দলের একক রেকর্ড গড়ার সুযোগও এখন তাদের হাতের মুঠোয়।
এখন ফুটবলপ্রেমীদের নজর বিশ্বকাপের ফাইনালে। আর্জেন্টিনার বিপক্ষে কাঙ্ক্ষিত ফল পেলেই ইতিহাসের নতুন এক মাইলফলক স্পর্শ করবে স্পেন।
বাংলা৭১নিউজ/জেএস






















