সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় অবসরে গেছেন আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শেষ কর্মদিবস পালন শেষে অবসরে যান তিনি।
এদিন প্রথা অনুযায়ী তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিচারপতিকে বিদায় সম্বর্ধনা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
এ সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের অন্য বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশফাকুল ইসলাম ১৫ জুলাই ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা এ কে এম নুরুল ইসলাম ছিলেন বাংলাদেশের সাবেক ভাইস প্রেসিডেন্ট। আর মা জাহানারা আরজু একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক ছিলেন।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (সম্মান) ও এলএল.এম. ডিগ্রি এবং ভারত থেকে এফ.আই.সি.পি.এস. ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৩ সালে জেলা আদালত এবং ১৯৮৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালের ২৭ আগস্ট একই বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উন্নীত হন।
তিনি ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিচারিক উন্নয়ন বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএএইচ























