ফুটবল বিশ্বকাপের স্বপ্নমঞ্চে দেশের জার্সি গায়ে লড়াই করেছিলেন অল্প কিছুদিন আগেই। সামনে ছিল আরও দীর্ঘ ক্যারিয়ারের সম্ভাবনা। কিন্তু সেই স্বপ্ন হঠাৎই থেমে গেল। মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের মিডফিল্ডার জেইডেন অ্যাডামস। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনে।
শনিবার এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি জেইডেন অ্যাডামসের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এই তরুণ ফুটবলারের মৃত্যু দেশের ফুটবলের জন্য বড় ক্ষতি। তার ভাষায়, দক্ষিণ আফ্রিকা তাদের অন্যতম প্রতিভাবান ফুটবলারকে হারিয়েছে।
তবে কী কারণে অ্যাডামসের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপটাউনের স্কটশেকলুফ এলাকায় বাড়ি থেকে ২৫ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়েস্টার্ন কেপ পুলিশের কর্মকর্তারা।
চলমান বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। তবে নকআউট পর্বে কানাডার বিপক্ষে হারের ম্যাচে তিনি একাদশে ছিলেন না।
কেপটাউনেই জন্ম নেওয়া অ্যাডামসের পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল স্টেলেনবস এফসিতে। নিজের পারফরম্যান্সে নজর কাড়ার পর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি আফ্রিকার অন্যতম সফল ক্লাব মামেলোদি সানডাউন্সে যোগ দেন।
ব্যক্তিগত জীবনেও সম্প্রতি কঠিন সময় পার করেছিলেন এই মিডফিল্ডার। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচের আগের দিনই মারা যান তার দাদি। শোকের সেই ভার বুকে নিয়েই চেকিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ফুটবল অ্যাসোসিয়েশন সে সময় জানিয়েছিল, পারিবারিক শোকের মধ্যেও অ্যাডামস দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি। মাঠে নেমে দেশের জন্য নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন।
বিশ্বকাপের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার কয়েক সপ্তাহের মধ্যেই জেইডেন অ্যাডামসের এমন অকাল বিদায় দক্ষিণ আফ্রিকার ফুটবলপ্রেমীদের জন্য এক গভীর বেদনার খবর হয়ে রইল।
বাংলা৭১নিউজ/জেএস

























