দুই দলের জন্যই লক্ষ্যটা একই– জয়ের কোনো বিকল্প নেই। হারলেই বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। বাঁচা-মরার সেই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার এই লড়াইটি নিয়ে ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। এক দিকে দুর্দান্ত ফর্মে থাকা বেলজিয়াম। অন্যদিকে, এবারের বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল স্পেন। লড়াইটা যে, বেশ জমজমাট হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
আজ শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হচ্ছে স্পেন আর বেলজিয়াম।
টুর্নামেন্টের শুরুতে বেলজিয়াম কিছুটা ধুঁকলেও, নকআউট পর্বে এসে তারা যেন চেনা ছন্দে ফিরেছে। শেষ ষোলোর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। বিশেষ করে রোমেলু লুকাকু বদলি হিসেবে নেমে যে ফর্ম দেখাচ্ছেন, তা প্রতিপক্ষের জন্য বড় দুশ্চিন্তার কারণ। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপে বেলজিয়ামের শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা তাদের সাম্প্রতিক বিশ্বকাপগুলোর তুলনায় বেশ ভালো।
বেলজিয়ামের এই আক্রমণভাগের সামনে আজ বড় পরীক্ষা দিতে হবে স্পেনের রক্ষণভাগকে। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা এবারের বিশ্বকাপে যেন এক অভেদ্য দুর্গ গড়ে তুলেছে। পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচে ১-০ গোলের জয়ের মাধ্যমে টানা ষষ্ঠ ম্যাচে কোনো গোল হজম না করে ক্লিনশিট রাখার রেকর্ড গড়েছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসে কোনো দলের জন্য এটি সত্যিই এক ঈর্ষণীয় সাফল্য।
ফুটবলপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অপ্টা সুপারকম্পিউটার এবার তাদের ভবিষ্যদ্বাণী জানিয়ে দিয়েছে। সেখানে অবশ্য এককভাবে এগিয়ে রেখেছে স্পেনকে।
সুপারকম্পিউটারের তথ্য অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ। বিপরীতে, বেলজিয়ামের সম্ভাবনা মাত্র ১৮.৩ শতাংশ। আর অতিরিক্ত সময় ও টাইব্রেকার বিবেচনায় নিলে স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৫ শতাংশ।
পরিসংখ্যান বা সুপারকম্পিউটার যা-ই বলুক না কেন, নকআউটের ম্যাচে শেষ হাসি কে হাসবে, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ বাঁশি পর্যন্ত। তাই সতর্ক থাকতে হবে দুই দলকেই। খেলতে হবে নিজেদের সেরাটা।
বাংলা৭১নিউজ/জেএস























