চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাসপাতালে রোডে এ ঘটনা ঘটে।
নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, “দুপুর পৌনে ১ টায় নিহত রজবের সঙ্গে তার দুই বন্ধু জিসান ও মেহেদির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রজবকে ছুরিকাঘাত করে ফেলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রজবকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, “রজবসহ তার দুই বন্ধু জিসান ও মেহেদি মাদকাসক্ত। সরকারি হাসপাতাল ঘিরে বিভিন্ন অপকর্ম ও অপরাধের সঙ্গে তারা জড়িত। এসব নিয়ে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জিসান ও মেহেদিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।”
বাংলা৭১নিউজ/এসএএইচ