জনপ্রিয় তুর্কি অভিনেত্রী এজে ইরতাম মারা গেছেন। গত ১৫ জুন, মারা যান ‘ওয়ান লাভ’খ্যাত এই অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৩৫ বছর। তুর্কি টুডে এ খবর প্রকাশ করেছে।
এজের আইনজীবী উর গোক্কোয়ুন এক বিবৃতিতে জানিয়েছেন, অভিনেত্রী তার মায়ের সঙ্গে বাড়িতেই ছিলেন, সেখানেই মারা যান তিনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এজে। তদন্ত এখনো চলমান। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরই তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
আইনজীবী উর গোক্কোয়ুন বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশিত হলে, তা জনসাধারণকে জানানো হবে। একই সঙ্গে এজে ইরতামের পরিবার ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অভিনেত্রী এজের মা নুরিয়ে ইরতাম পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। ‘নিউ পেজ উইথ কানসু কানান’ নামে একটি টিভি অনুষ্ঠানে সেই বক্তব্য প্রকাশ করেছে। অভিনেত্রী এজের মায়ের বয়ান প্রকাশ্যে আসার পর তার মৃত্যু নিয়ে খানিকটা রহস্য তৈরি হয়েছে। এ বক্তব্যে এজের মৃত্যুর আগের কয়েক ঘণ্টার বর্ণনা উঠে এসেছে।
নুরিয়ে ইরতাম জানান, তিনি ও তার মেয়ে (এজে) বিকেল ৫টা ৫১ মিনিটে তাদের পাশের বাড়িতে জন্মদিনের একটি অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তারা কেক কাটেন, কিছু সময় কাটান। রাত ৮টা ৩৬ মিনিটে বাড়ি ফিরেন তারা।
বাড়ি ফেরার পর এজে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ গ্রহণ করেন। জন্মদিনের অনুষ্ঠানে অ্যালকোহলও পান করেছিলেন এজে, ফলে তাকে বিছানায় শুইয়ে দেন তার মা। রাতে একবার মেয়েকে বাথরুমে যেতে দেখেন, এরপর আবার ঘুমাতে যান। পরের দিন সকালে নাশতার জন্য মেয়েকে ডাকলে কোনো সাড়া পাননি বলে জানান নুরিয়ে ইরতাম।
পরের ঘটনা বর্ণনা করে নুরিয়ে ইরতাম বলেন, “আমি যখন তার ঘরে প্রবেশ করি, তখন দেখি তার মুখ থেকে অস্বাভাবিক ধরনের তরল বের হচ্ছে। সে প্রচুর মদ পান করেছিল; একই সঙ্গে শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধও গ্রহণ করেছিল।”
১৯৯১ সালের ১৪ জুন, তুরস্কের শিবাসে জন্মগ্রহন করেন এজে ইরতাম। ইয়াসার বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৪ সালে ‘রানঅ্যাওয়ে ব্রাইডস’ সিরিজের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর ‘ও হায়াত বেনিম’, ‘শেরেফ মেসেলেশি’-এর মতো সিরিজে অভিনয় করেন তিনি।
২০১৭ সালে ‘ইয়েনি গেলিন’ (নিউ ব্রাইড) সিরিজে ‘আফেত’ চরিত্রে অভিনয় করেন এজে ইরতাম। ২০১৯ সালে ‘পায়ীতাত আব্দুলহামিদ’ সিরিজে ‘রোবিনা’, ২০২০ সালে ‘বাই ইয়ানলিস’ সিরিজে ‘গিজেম সেজার’, ২০২১ সালে ‘মাহকুম’ সিরিজে ‘ফেরদা’ চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। পরবর্তীতে ‘ইয়াসাক এলমা’, ‘আইলে’ সিরিজে অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ সিরিজ ‘ওয়ান লাভ’। এতে ‘ইশিল’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুঠো মুঠো ভালাবাসা কুড়ান এই অভিনেত্রী।
বাংলা৭১নিউজ/এআরকে