
উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ হকার ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের নির্দেশনায় মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে মেট্রো স্টেশনের নিচে অবস্থানরত অবৈধ হকার এবং তাদের স্থাপিত ভাসমান দোকান অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট হকারদের ভবিষ্যতে মেট্রো স্টেশনের নিচে কোনো ধরনের অবৈধ কার্যক্রম বা দোকান স্থাপন না করার জন্য সতর্ক করা হয়। এ বিষয়ে তারা ম্যাজিস্ট্রেটদের কাছে অঙ্গীকারও করেন।
এছাড়া মেট্রো স্টেশনের পার্শ্ববর্তী দোকানদারদের ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলার নির্দেশনা দেওয়া হয়, যাতে স্টেশনের নিচে বা আশপাশে কোনো ধরনের পরিবেশ দূষণ না ঘটে। এ সময় উপস্থিত সবাই মেট্রোরেল এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করেন।
অভিযানে ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, ডিএমটিসিএলের ডিজিএম (সিকিউরিটি) মেজর মোহাম্মদ জাকির সিদ্দিকী (অব.) সহ তুরাগ থানা পুলিশ, এমআরটি পুলিশ, আনসার সদস্য এবং মেট্রোরেলের নিরাপত্তা কর্মীরা অংশ নেন।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এসএএইচ