নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’-এমন অডিও ভাইরালের পর তাকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।
শনিবার রাত আটটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪ মিনিট ৪ সেকেন্ডের ওই অডিও রেকর্ড ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, অপেশাদারসূলভ বক্তব্য শোনার পর তাকে ক্লোজ (প্রত্যাহার) করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপাতত ক্লোজ থাকবে।
তিনি আরও বলেন, কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অভিযোগের বিষয়ে ওসি আবুল হাশেম বলেন, এই অডিও বা কথোপকথনের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তি (এআই বা ডিফেক) ব্যবহার করে কে বা কারা এটি তৈরি করেছে। অবৈধ কোনো সুবিধা না দেওয়ায় একটি কুচক্রী মহল তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে।
অডিও রেকর্ডে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে আবুল হাশেমকে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব। ধরেন দুই হাজার টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না, বেতনের টাকাও না। আপনারা একটা অভিযোগ দিলেন এক হাজার টাকা, আরেকটা খারিজ কইরা ফেললেন এক হাজার টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়া দিলাম। তাইলে আমার তো রিস্ক নাই, নো টেনশন, খুব রিলাক্সে আছি।’
ওই রেকর্ডে ওসিকে আরও বলতে শোনা যায়, ‘পুলিশের যে চাকরিটা, এটা ওয়ান কাউন্ড অব বিজনেস। সবাই কিন্তু এই বিজনেসের সাথে জড়িত না। আমরা কিন্তু একজন আরেকজনরে সেইফে রাখছি। সবাই সমন্বয় করে চলতে হবে। ওসির মাথায় কিন্তু কাঁঠাল ভেঙে খাইতে পারবেন না। সর্বোপরি আমি আপনাদের ঠকাব না, আমি কি বাড়ি থেকে টাকা এনে খরচ করতাছি, না জমি বেইচ্যা আইন্যা আপনাদের চালাইতেছি।
সবাই যেন ভালো থাকতে পারি। যার যে-ই অধিকার, সে যেন সেটা পায়। আমার যারা কনস্টেবল আছে-তারা যেন যেটা পাওয়ার, সেটা পায়, তারা যেন বঞ্চিত না হয়। হক মারা আমি পছন্দ করি না। কারণ, যারা হক মারে, রাসুল তারে সাফায়েত করবে না। এটাই কিন্তু ফাইনাল কথা। কেউ চালাকি করবেন না। বর্তমান মিডিয়া অনেক এগিয়ে আছে।’
বাংলা৭১নিউজ/এসএএইচ
























