বরিশালের হিজলায় কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নুর ইসলাম জোমাদ্দার (৪৫) ও তার ছেলে ইব্রাহীম জোমাদ্দারের (১২) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত সোমবার বিকেলে কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীর পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় নৌকা ডুবে তারা বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছিলেন। গত মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে পুরাতন হিজলা এলাকা থেকে হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছিল।
হিজলা নৌ পুলিশ জানায়, নৌকাডুবির পর থেকে পুলিশ ও জেলেরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মেহেন্দীগঞ্জের ভাসানচর এলাকায় দুটি লাশ ভাসতে দেখে জেলেরা নৌ পুলিকে সংবাদ দেন। লাশ উদ্ধারের পরে তা নুর ইসলাম জোমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের বলে শনাক্ত করেন স্বজনেরা।
স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আলিগঞ্জ খেয়াঘাট থেকে সরকারি জেলে কার্ডের চাল নিয়ে নৌকাটি ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেঘনার শাখা নদীতে পৌঁছালে নৌকাটি আকস্মিক ঝড়ের কবলে পড়ে তীব্র ঢেউয়ে ডুবে যায়।
নৌকায় থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন তাৎক্ষণিকভাবে অন্য একটি ট্রলারে উঠে প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ হয়।
হিজলা নৌপুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ




























